ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) পাঞ্জাবের সারাই বানজারা রেলস্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। ট্রেনের বগি থেকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে যাত্রীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের দিক থেকে পঞ্চম বগিতে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও তিনটি বগিতে ছড়িয়ে পড়ে। ট্রেনটি অমৃতসার থেকে নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনের একাধিক বগি থেকে আগুনের বিশাল শিখা বের হচ্ছে। এ সময় জরুরি উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
অন্য একটি সূত্রের তথ্য অনুযায়ী, অমৃতসার থেকে যাত্রা শুরুর পর বসন্তপুরা রেলস্টেশনের কাছাকাছি এলাকায় ট্রেনটিতে আগুন লাগে। ঘটনাটি রাজপুরা গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঘটে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।
