২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, রপ্তানি খাতের সম্প্রসারণ এবং জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলা বন্দরে জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, দেশের অর্থনীতিকে আরও বড় ও শক্তিশালী করতে সরকার বিভিন্ন খাতে পরিকল্পিতভাবে কাজ করছে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি ও খাদ্য সরবরাহব্যবস্থা সচল রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে মোংলা বন্দরের ভূমিকা গুরুত্বপূর্ণ। জ্বালানি, খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির পাশাপাশি দেশের উৎপাদিত পণ্য রপ্তানিতেও বন্দরটি সহায়ক ভূমিকা রাখবে। এর ফলে জাতীয় অর্থনীতির সক্ষমতা ও সরবরাহব্যবস্থার নিরাপত্তা আরও জোরদার হতে পারে।
এর আগে বৃহস্পতিবার সকালে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ সময় সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
সরকারের প্রত্যাশা, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
