সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে সংঘটিত বিস্ফোরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তিনি তাদের প্রতি সমবেদনাও জানান।
মিয়া গোলাম পরওয়ারের মতে, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এমন হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। তিনি দাবি করেন, সমাবেশ চলাকালে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটায় পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ নিশ্চিত করা জরুরি। ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠা না হলে একটি স্থিতিশীল রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। সহিংসতা, বোমাবাজি কিংবা ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, হামলার পেছনের কারণ, বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা এবং এ ঘটনায় কারা জড়িত—এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
