বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
জানা গেছে, এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে।
তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস একটি বেসরকারি টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছে।
এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলে হুমায়ুন কবীরকে ফোনে পাওয়া যায়নি। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
জানা গেছে, একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নিয়ে দলটির ভাবনা কী? এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা।
