দুর্নীতির মামলায় ভূমি সংস্কার বোর্ডের অধীন কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেটের বহিষ্কৃত হিসাবরক্ষক ইমামুল বাশার ওরফে মিলনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুই ধারায় মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে সাত বছর কারাভোগ করতে হবে।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রায়ে সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণের দায়ে ইমামুল বাশারকে সাত বছরের কারাদণ্ড এবং ৯ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ওই অর্থ ভাওয়াল রাজ এস্টেটের ব্যাংক হিসাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জাল নথি তৈরি ও তা আসল হিসেবে ব্যবহারের অভিযোগে তাকে আরও সাত বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ৯ নভেম্বর থেকে ২০১৯ সালের ২৪ জুলাই পর্যন্ত ভূমি সংস্কার বোর্ড থেকে ঋণ আদায়ের মাধ্যমে প্রাপ্ত ৯ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা ভাওয়াল রাজ এস্টেটের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ ওঠে। এ জন্য তিনি ভুয়া জমা ভাউচার তৈরি করে তা বৈধ কাগজপত্র হিসেবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর ২০২১ সালের ৯ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়-১ এর এক কর্মকর্তা তার বিরুদ্ধে মামলা করেন। পরে তদন্ত শেষে ২০২৩ সালের মার্চে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

মামলাটির বিচার চলাকালে ২৬ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানি শেষে আদালত এ রায় দেন।

Share.
Leave A Reply

Exit mobile version