বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রবিবার (৭ জুন) ভোট গণনা শেষে প্রকাশিত ফলাফলে তিনি ৭৩ ভোট পেয়ে সবার শীর্ষে অবস্থান করেন।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

ক্রিকেট সংশ্লিষ্ট মহলে এখন জোর আলোচনা চলছে, নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে তামিম ইকবালই দায়িত্ব পেতে পারেন। বর্তমানে তিনি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ১২ পরিচালক হলেন— তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

এ ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হতে না পারা চার প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ।

ভোটের হিসাবে তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পান। তার পরেই ৭২ ভোট করে পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট, ইয়াসির ফয়সাল ৬৮, ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬, আসিফ রাব্বানি ৬৪, ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ডা. মাহবুব শামীম ৪১ ভোট অর্জন করেন।

নির্বাচনের ফল প্রকাশের পর এখন সবার নজর বিসিবির নতুন সভাপতি নির্বাচনের দিকে। ক্রিকেট অঙ্গনের অনেকেই মনে করছেন, বোর্ড পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন তামিম ইকবাল।

Share.
Leave A Reply

Exit mobile version