যুক্তরাজ্যের লন্ডনে নিষিদ্ধ ঘোষিত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপকে সমর্থনের অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

শনিবার (১৯ জুলাই) লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ব্রিটিশ রাজধানীতে নিষিদ্ধ গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে একটি বিক্ষোভ থেকে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ আইনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

নিষিদ্ধ ফিলিস্তিনি-পন্থী গ্রুপের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে টানা তৃতীয় শনিবার মধ্য লন্ডনে বিক্ষোভকারীরা জড়ো হন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ৫৫ জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করা আইনত অপরাধ—তাই তারা আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।

মূলত এ দিনও আগের সপ্তাহগুলোর দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড বহনকারী বিক্ষোভকারীদের ধরে নিয়ে যায় পুলিশ।

গত শনিবার নিষিদ্ধ সংগঠনকে সমর্থনের অভিযোগে পুলিশ ৪১ জনকে গ্রেপ্তার করে। এর আগের শনিবারেও একই কারণে ২৯ জনকে আটক করা হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version