সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন— সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহআইন সম্পাদক মো. রাকিব; সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।
অন্যদিকে, পৃথক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, এই ১৩ নেতাকে তাঁদের সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে সিদ্ধান্তগুলো অনুমোদন করেছেন।
