দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২১ নভেম্বর) দেশটির রাজধানী দিলি থেকে প্রায় ২২৬ কিলোমিটার উত্তর-পূর্বে বান্দা সাগরে কম্পনটি সৃষ্টি হয়।
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। গভীর সমুদ্রের নিচে এবং ভূপৃষ্ঠের অনেক গভীরে কম্পনটির উৎপত্তি হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তবে রাজধানী দিলিসহ আশপাশের উপকূলীয় এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূতাত্ত্বিক অবস্থানের কারণে পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে এখানে টেকটোনিক প্লেটের নড়াচড়া ও সংঘর্ষ থেকে প্রায়ই মাঝারি ও শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি হয়।
