জাতীয় নিরাপত্তা ও অনলাইন নিরাপত্তার উদ্বেগকে কেন্দ্র করে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জর্ডান ও ইরাক। দুই দেশই অ্যাপটির ব্যবহার বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে। তবে নিষেধাজ্ঞার পেছনে দুই দেশের কারণ ও অভিযোগের ধরনে রয়েছে কিছুটা পার্থক্য।
সোমবার (১৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর (পিএসডি) এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ কর্মকাণ্ড, চরমপন্থী প্রচারণা এবং নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কনটেন্টের বিস্তার ঠেকাতেই টেলিগ্রামের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশটিতে সাম্প্রতিক কয়েকটি নিরাপত্তা ঘটনাকে কেন্দ্র করে যখন অভিযান জোরদার করা হচ্ছে, ঠিক তখনই এ সিদ্ধান্ত এলো।
এর আগে জর্ডানের পশ্চিম-মধ্যাঞ্চলের কারাক গভর্নরেটের হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই হামলায় প্রাণ হারান নয়জন। পরবর্তী সময়ে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জর্ডানের দাবি, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আইএসআইএল বা আইএসআইএসের সদস্যদের লক্ষ্য করে প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালানো হয়। এতে ২০ জনের বেশি সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আম্মান।
এ ছাড়া চলতি মাসে রাজধানী আম্মানে আরেকটি কথিত সন্ত্রাসী হামলায় একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অন্য একজন আহত হন।
এমন পরিস্থিতিতে নাগরিকদের অনলাইন যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জর্ডানের নিরাপত্তা কর্তৃপক্ষ। বিশেষ করে অপরিচিত অ্যাকাউন্ট, সন্দেহজনক লিংক এবং অজানা উৎসের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো বেআইনি কর্মকাণ্ড বা সন্দেহজনক বিষয় চোখে পড়লে সরকারি চ্যানেলে জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
অন্যদিকে ইরাকে টেলিগ্রাম নিষিদ্ধ করার পেছনে রয়েছে প্ল্যাটফর্মটির কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে অসন্তোষ।
ইরাকের মিডিয়া ও যোগাযোগ কর্তৃপক্ষের অভিযোগ, টেলিগ্রাম পরিচালনাকারী প্রতিষ্ঠান তাদের প্ল্যাটফর্মে প্রকাশিত বেআইনি ও নিয়মবহির্ভূত কনটেন্ট নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়নি। পাশাপাশি ইরাকি আইন মেনে চলার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির ব্যর্থতা রয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, টেলিগ্রামকে স্থানীয় আইন মেনে চলা এবং আপত্তিকর কনটেন্ট মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিতেই এই অবরোধ আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে শর্ত পূরণের জন্য ৩০ দিনের সময়সীমাও দেওয়া হয়েছে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ না হলে পরবর্তী সময়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, ইরাকে এর আগেও ২০২৩ সালে টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন জাতীয় নিরাপত্তা এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি সামনে এনেছিল দেশটির কর্তৃপক্ষ।
২০১৩ সালে রুশ বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা পাভেল দুরভ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যোগাযোগের জন্য অ্যাপটি ব্যবহার করছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এর জনপ্রিয়তা উল্লেখযোগ্য।
তবে অ্যাপটির এনক্রিপশন ব্যবস্থা নিয়েও রয়েছে নানা আলোচনা। টেলিগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাটের সুবিধা থাকলেও সাধারণ সব কথোপকথনে এই সুরক্ষা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর থাকে না।
এদিকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী টেলিগ্রাম ব্যবহার করে প্রচারণা ও যোগাযোগ চালায় বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ও বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থার উদ্বেগ বাড়িয়েছে।
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ঘিরেও বিভিন্ন দেশে আইনি ও তদন্তসংক্রান্ত বিতর্ক রয়েছে। তবে জর্ডান ও ইরাকের সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে টেলিগ্রাম কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সব মিলিয়ে, অনলাইন প্ল্যাটফর্মের স্বাধীনতা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্নটি আবারও সামনে এসেছে। জনপ্রিয় একটি যোগাযোগমাধ্যমকে নিষিদ্ধ করার ঘটনায় মধ্যপ্রাচ্যের ডিজিটাল নিরাপত্তা নীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
