ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের দাবি করেছে সৌদি আরব-সমর্থিত দেশটির সরকার। তাদের দাবি, গত অক্টোবর মাসে হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ৪০ হাজারেরও বেশি হামলা চালানো হয়েছে। এসব অভিযানে প্রায় ২০ হাজার হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত, আহত কিংবা যুদ্ধের সক্ষমতা হারিয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন রণাঙ্গনে ধারাবাহিক সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানের প্রথম মাসে হুথিদের লক্ষ্য করে মোট ৪০ হাজার ৭৬১টি সামরিক অভিযান চালানো হয়েছে।
তাদের দাবি, এসব অভিযানে প্রায় ২০ হাজার হুথি যোদ্ধা ও কমান্ডার প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অথবা যুদ্ধ করার সক্ষমতা হারিয়েছেন।
তবে ইয়েমেন সরকারের দেওয়া এসব পরিসংখ্যানের বিষয়ে এখন পর্যন্ত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
