দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। ঘোষিত দাম আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সের জন্য জেট এ-১ জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার।
বিইআরসির তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারিতে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ছিল লিটারপ্রতি ৯৫ টাকা ১২ পয়সা। মার্চ মাসে দুই দফায় দাম বাড়ে মোট ১০৭ টাকা।
এবারের মূল্যবৃদ্ধির পেছনে ভ্যাটের হিসাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিইআরসি জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে জেট ফুয়েল বিক্রির ক্ষেত্রে আগে ১৭ শতাংশ ভ্যাট হিসাব করা হতো। জাতীয় রাজস্ব বোর্ডের সতর্কতার পর সংশোধিত হিসাবে এবার সাড়ে ২২ শতাংশ ভ্যাট যুক্ত করা হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির মূল্য বেড়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাস থেকে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হচ্ছে। আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এ দাম নির্ধারণ করলেও বর্তমানে এ দায়িত্ব পালন করছে বিইআরসি।
