দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৬৪ জন।
নতুন সংক্রমণের হিসাবেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে।
অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৭ জন। সব মিলিয়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১৫০ জনে।
হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও উল্লেখযোগ্য। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় শিশুদের টিকাদান, আক্রান্তদের দ্রুত শনাক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
