রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে সশস্ত্র দুই পক্ষ জেএসএস ও ইউপিডিএফের কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে বলে জানিয়েছে পুলিশ। এতে আশপাশের পাহাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে সাজেকের কলাবুনিয়া এলাকার দুর্গম পাহাড়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে থেমে থেমে গুলির শব্দ শোনা যায় বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে দুর্গম পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, শনিবার দুপুর ১টার দিকে কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে গোলাগুলির পর সাজেকের আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে।
