রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিতের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের ঠিক আগমুহূর্তে বিচারকের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় চারজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।
রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, বিচারকের বাসভবনের সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় ঘটনাস্থলে থাকা তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং ঘটনার বিস্তারিত জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।
