সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান হামলার পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই গন্তব্যে বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে।
রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফ্লাইটের সময়সূচিতে কোনো পরিবর্তন এলে যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে।
তবে জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীরা জেদ্দা ও মদিনার আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই সেবা চালু রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
এদিকে ঢাকা–মদিনা রুটেও নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করছে বিমান।
ফ্লাইটের টিকিট, সময়সূচি এবং ভ্রমণসংক্রান্ত অন্যান্য তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
