প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে আবারও নজর কাড়লেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। রাজকীয় আবহের সাজে র্যাম্পে উপস্থিত হয়ে দর্শক ও ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে ফ্যাশন শোতে অংশ নেন ঐশ্বরিয়া। এদিন তার পোশাক ও সাজসজ্জায় ছিল আভিজাত্যের বিশেষ ছাপ। কালো ভেলভেটের ফিশটেল গাউনের সঙ্গে তিনি পরেছিলেন ক্রিস্টাল সাজানো কেপ। মাথায় ছিল ঝলমলে রত্নখচিত মুকুট, যা পুরো লুকটিকে আরও রাজকীয় করে তোলে।
সতেজ মেকআপের সঙ্গে ঐশ্বরিয়ার পরিচিত লাল লিপস্টিকও ছিল চোখে পড়ার মতো। র্যাম্পে তার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং ব্যতিক্রমী সাজের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
ফ্যাশন শো শুরুর আগেও আন্তর্জাতিক তারকাদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় ঐশ্বরিয়াকে। রিহার্সালের সময় অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও বিশেষভাবে নজর কেড়েছে। ভিডিওতে দুজনকে বেশ আন্তরিকভাবে কথা বলতে এবং একে অপরের হাত ধরে থাকতে দেখা যায়।
এদিকে অনুষ্ঠানের ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ঐশ্বরিয়ার দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা হয় তার। তাদের এই পুনর্মিলনের মুহূর্তও ভক্তদের আগ্রহ তৈরি করেছে।
প্যারিসের জমকালো ফ্যাশন আয়োজনের মঞ্চে ঐশ্বরিয়ার উপস্থিতি নতুন করে প্রমাণ করেছে, আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে তার পরিচিতি এখনও বেশ শক্তিশালী। রাজকীয় সাজ, নজরকাড়া গাউন এবং স্বাভাবিক গ্ল্যামার—সব মিলিয়ে এবারের ফ্যাশন উইকে তার উপস্থিতি হয়ে উঠেছে আলোচনার অন্যতম বিষয়।

