বিএনপির সঙ্গে বর্তমানে রাজনৈতিকভাবে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি। ওই কার্ডে বিএনপির রাজনৈতিক পরিচয় বা ‘ট্যাগ’ বহন না করার বিষয়টি উল্লেখ করা হয়। পোস্টটির সঙ্গে রুমিন ফারহানা ক্যাপশনে লেখেন, ‘আল্লাহর কসম’।
তার শেয়ার করা ফটোকার্ডে বলা হয়, বিএনপির ট্যাগ নিজের সঙ্গে বহন করতে না হওয়াকে তিনি আল্লাহর রহমত হিসেবে দেখছেন।
এর আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকার বিষয়টি একইভাবে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করেছিলেন রুমিন ফারহানা। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি আবারও একই অবস্থানের কথা প্রকাশ করলেন।
তার এই পোস্টের মাধ্যমে বিএনপির সঙ্গে নিজের বর্তমান রাজনৈতিক দূরত্বের বিষয়টি নতুন করে সামনে এসেছে। তবে ওই পোস্টে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া বা নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে তিনি কোনো ঘোষণা দেননি।
