দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামসহ নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ শিশু।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে এসব রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৮ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।

এর আগের দিন, রোববার (২৭ সেপ্টেম্বর), সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যুর খবর জানানো হয়েছিল। ওই দিন নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামসহ আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনও উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version