ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে ভারত মহাসাগরসহ আন্তর্জাতিক জলপথে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী আলী মোহাম্মদী এ সতর্কবার্তা দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় মোহাম্মদী হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটনের দাবিকে প্রশ্ন করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজকে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে বিবেচনা করে, তাহলে সেখানে তাদের যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে না কেন।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র সত্যিই হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অবস্থানে থাকলে অন্তত একটি যুদ্ধজাহাজ ওই এলাকার কাছাকাছি এনে তা দেখানো উচিত।
আইআরজিসির এই কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে তেহরানের সামরিক প্রতিক্রিয়া শুধু হরমুজ প্রণালির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
তার বক্তব্য অনুযায়ী, ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন রণতরি ও অন্যান্য সামরিক জাহাজও সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে।
এদিকে ইরানের এমন বক্তব্যের ফলে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ইরানের এই হুঁশিয়ারি বাস্তবে কী ধরনের সামরিক পদক্ষেপে রূপ নেবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

