আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন গ্রহণের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে পাঠানো এক চিঠিতে ভোটার স্থানান্তর প্রক্রিয়া আগের নিয়মে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদন গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করে সেগুলো যথাযথভাবে নিষ্পত্তির ব্যবস্থা করতে বলা হয়েছে।
গত বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষর করা ওই চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের যেসব আবেদন আগে জমা পড়েছিল, সেগুলো নিষ্পত্তির জন্য এর আগে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। ২ সেপ্টেম্বর পাঠানো ওই নির্দেশনায় আবেদনগুলো ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার কথা জানানো হয়।
পরবর্তীতে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং ভোটারদের সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে আবারও নিয়মিতভাবে ভোটার স্থানান্তর কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এর ফলে যেসব নাগরিক আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকায় ঠিকানা ও ভোটার এলাকা পরিবর্তনের প্রয়োজন থাকা নাগরিকদের জন্য আবেদন প্রক্রিয়াটি আবারও উন্মুক্ত হলো।

