দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৪৯ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গুতে মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগের বাসিন্দা। খুলনা বিভাগে মারা গেছেন আরও তিনজন। এছাড়া ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৬৩ হাজার ৮৭৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনেই ১১২ জনের মৃত্যু হয়েছে।
এর আগে আগস্ট মাসে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা যান। এছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুইজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগতভাবে মশাবাহিত রোগ থেকে সুরক্ষার বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।
