ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে সমস্যা এবং সড়কে যানজট তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, কারও প্রশ্রয় বা আশকারায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কালীগঞ্জ নতুন বাজার স্টেডিয়াম এলাকায় একটি মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট বাড়ছে। এ সমস্যা সমাধানে ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ তৈরি করা প্রয়োজন।

এর আগে কালীগঞ্জ পৌরসভা এলাকায় যানজট কমানো এবং ফুটপাত দখলমুক্ত করার উদ্দেশ্যে প্রস্তাবিত পৌর মার্কেটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবির হাসান এবং স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কালীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাতের ওপর অস্থায়ী দোকান ও ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে মেইন বাসস্ট্যান্ড থেকে মধুগঞ্জ বাজার হয়ে জনতার মোড় পর্যন্ত ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পথচারীদেরও বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা যায়, শহরের ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি যানজট কমাতে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গায় ব্যবসার ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই পৌর মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌর কর্তৃপক্ষের আশা, মার্কেটটি চালু হলে ফুটপাতের ওপর ব্যবসা করার প্রবণতা কমবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের যানজট ও পথচারীদের ভোগান্তিও অনেকটা কমে আসবে।

রাশেদ খান শহরের অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন।

Share.
Leave A Reply

Exit mobile version