ভারতের রাজস্থানের রাণথাম্বোর জাতীয় উদ্যানে সাফারি করতে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন পর্যটকরা। জঙ্গলের রাস্তার মাঝখানে একটি পূর্ণবয়স্ক বাঘ শুয়ে পড়ায় একসঙ্গে থেমে যায় প্রায় ৩০টি সাফারি জিপ।

প্রতিদিনের মতো পর্যটকদের নিয়ে জঙ্গলে ঘুরছিল সাফারি যানগুলো। হঠাৎ মেঠোপথের সামনে গিয়ে চালকদের গাড়ি থামাতে হয়। কারণ, রাস্তার মাঝখানেই নিশ্চিন্তে শুয়ে ছিল একটি বিশাল বাঘ।

ঘটনাটির ভিডিও ধারণ করেন এলেনা নামের এক বিদেশি পর্যটক। পরে তিনি সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, রাস্তার দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে আছে বহু সাফারি জিপ। গাড়িগুলোর ভেতর থাকা পর্যটকেরা নীরবে বাঘটিকে দেখছেন এবং অনেকেই ক্যামেরায় মুহূর্তটি ধারণ করছেন।

অন্যদিকে পর্যটকদের উপস্থিতি নিয়ে বাঘটির যেন কোনো আগ্রহই নেই। প্রায় ২০০ কেজি ওজনের প্রাণীটি রাস্তার ধুলোর ওপর বেশ কিছুক্ষণ নিশ্চিন্তে শুয়ে থাকে।

কিছু সময় পর বাঘটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এরপর শরীর ঝাড়া দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার জঙ্গলের ভেতরের দিকে চলে যায়। পুরো ঘটনাটি পর্যটকেরা বেশ নীরবে উপভোগ করেন।

ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে এলেনা মজার ছলে ঘটনাটিকে ভারতের চিরচেনা যানজটের সঙ্গে তুলনা করেন। তবে এই যানজটের কারণ ছিল কোনো গাড়ি নয়, বরং রাস্তার মাঝখানে বিশ্রাম নেওয়া একটি বাঘ। তিনি আরও জানান, রাণথাম্বোর সফরে এটি ছিল তাদের দেখা তৃতীয় বাঘ।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। বাঘটিকে ঘিরে নানা রকম মজার মন্তব্যও করেছেন নেটিজেনরা।

একজন মন্তব্য করেন, বাঘটি হয়তো বুঝিয়ে দিয়েছে যে রাস্তার ওপর তারই অধিকার। আরেকজন মজা করে বাঘটিকে ‘কমলা বিড়ালের স্বাভাবিক আচরণ’ বলে উল্লেখ করেন।

বন্যপ্রাণীর এমন স্বাভাবিক আচরণ পর্যটকদের জন্য যেমন বিরল অভিজ্ঞতা, তেমনি জঙ্গলে বন্যপ্রাণীর স্বাধীন চলাচলের একটি বাস্তব চিত্রও তুলে ধরে এই ঘটনাটি।

Share.
Leave A Reply

Exit mobile version