দেশের বাজারে সর্বশেষ সমন্বয় অনুযায়ী আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। গত শনিবার নতুন দাম কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত আর কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে আজ মঙ্গলবারও ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম রয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ভ্যাটসহ।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছিল। নতুন এই দাম গত শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। এ ক্ষেত্রে দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ক্যাটাগরিতে দাম বেড়েছে ১ হাজার ৩০১ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দামও সমন্বয় করা হয়েছে। এই মানের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা, যা আগের তুলনায় ১ হাজার ১০৮ টাকা বেশি।
এর আগে গত ১২ সেপ্টেম্বরও দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
রুপার দামও বেড়েছে
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা। এ মানের রুপার দাম বেড়েছে ১১৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, যা আগের চেয়ে ১৭৫ টাকা বেশি। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা, একইভাবে ১৭৫ টাকা বেড়েছে।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মানের রুপার দাম বেড়েছে ১১৬ টাকা।
অর্থাৎ, নতুন করে মূল্য সমন্বয় না হওয়া পর্যন্ত দেশের বাজারে এসব দামেই সোনা ও রুপা বিক্রি হবে।
