‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’—এভাবেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন কুমিল্লায় হত্যার শিকার অপ্রতিমের মা নাহিদা বেগম।

একমাত্র সন্তানকে হারিয়ে অপ্রতিমের বাড়িতে এখন শোকের মাতম। ঘরের দেয়ালে দেয়ালে ছড়িয়ে রয়েছে তার হাসিমুখের নানা স্মৃতি। সন্তান হারানোর বেদনায় বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা। অন্যদিকে নির্বাক হয়ে আছেন বাবা। স্বজনদের চোখেও এখন শুধু অশ্রু।

শুক্রবার বিকেলে স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়েছিল অপ্রতিম। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন শনিবার সকালে লালমাই পাহাড়ের পাদদেশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা মায়ের দেওয়া আইফোনটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সন্তান নিখোঁজ হওয়ার পর অপ্রতিমকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকুতি জানিয়েছিলেন তার মা। ছেলেকে ফিরে পাওয়ার আশায় পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হয়। শেষ পর্যন্ত অবশ্য জীবিত অবস্থায় সন্তানকে আর ফিরে পাননি তিনি।

এদিকে রবিবার সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে অপ্রতিমকে কোটবাড়ী বাগমারা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

অপ্রতিম হত্যার ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। মামলার পর তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

একমাত্র সন্তানকে হারিয়ে অপ্রতিমের পরিবার এখন গভীর শোকের মধ্যে রয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে পরিবার।

Share.
Leave A Reply

Exit mobile version