টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগে পড়তে হয়েছে। কোথাও কোথাও সড়কে পানি জমে যান চলাচলও ব্যাহত হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় মোট ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভোরের দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে এর মাত্রা বেড়ে যায়। বৃষ্টির কারণে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজসংলগ্ন বিভিন্ন সড়কে পানি জমে যায়।
কয়েকটি এলাকায় সড়কে হাঁটুপানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। বাধ্য হয়ে অনেক পথচারী জমে থাকা পানি পেরিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। রিকশা ও অন্যান্য ছোট যানবাহন চলাচলেও তৈরি হয় ভোগান্তি। ফলে অনেক যাত্রীকে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে দেখা যায়।
বৃষ্টির মধ্যে রাজধানীর কিছু এলাকায় সড়কের ওপর গাছ ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে। এতে কোথাও কোথাও স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
নগরবাসীর অভিযোগ, সামান্য ভারী বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। তাদের মতে, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমার নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং অপরিকল্পিত নগর অবকাঠামোর কারণে এই সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গেছে।
