কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অপ্রতিমের বয়স ১৩ বছর উল্লেখ করে সরকারি ভবনগুলোর দেয়ালে এই সংখ্যা লিখে দেওয়ার কথা বলেছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন বিএনপির এই নেতা।
পোস্টে দুদু লেখেন, অপ্রতিমের বয়স ছিল ১৩ বছর। এই বয়সের কথাটি শহরের সরকারি ভবনগুলোর সামনে কালো কালি দিয়ে লিখে দেওয়ার ইচ্ছার কথা জানান তিনি।
অপ্রতিমের বয়সের সঙ্গে তার শৈশব ও ভবিষ্যতের সম্ভাবনার বিষয়টি তুলে ধরে দুদু বলেন, এই বয়সে একটি শিশুর জীবন স্কুল, বন্ধু, পরিবার, পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্নে ভরা থাকার কথা। কিন্তু অপ্রতিমের ক্ষেত্রে সেই স্বাভাবিক জীবন থেমে গেছে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অপ্রতিমের নিখোঁজের খবর পেয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অনুসন্ধান শুরু করেন।
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সানন্দা গ্রামের লালমাই পাহাড়সংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।
