দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ বর্তমানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৩০১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে। এতে এই শ্রেণির এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

এর আগে গত ১২ সেপ্টেম্বরও দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ১ হাজার ৪৯ টাকা বেড়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা বেড়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা করা হয়। সনাতন পদ্ধতির সোনার দামও ৭৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

শুধু সোনা নয়, এবার বেড়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দামও ১১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০৭ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১১৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে এবং সমান সংখ্যক অর্থাৎ ৫৮ বার কমানো হয়েছে।

এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল। ওই বছর ৬৪ দফায় দাম বাড়ানো হলেও ২৯ দফায় দাম কমানো হয়েছিল।

দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের রেকর্ডও চলতি বছরেই হয়েছে। গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম একবারে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এখন পর্যন্ত এটিই দেশের বাজারে সোনার সর্বোচ্চ নির্ধারিত দাম।

Share.
Leave A Reply

Exit mobile version