গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত সরকারের সামনে অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, ১১ দলীয় জোটের ঘোষিত দাবিগুলো আদায়ের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন এবং দাবি বাস্তবায়ন করেই কর্মসূচি শেষ করতে চান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোড এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, জনগণের ভোটের রায় বাস্তবায়ন করা বর্তমান সরকারের জন্য অপরিহার্য। তাঁর দাবি, গণভোটের রায় কার্যকর করেই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।
তিনি আরও অভিযোগ করেন, দেশের মানুষের ভাগ্য নির্ধারণে আধিপত্যবাদী শক্তিগুলো প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ১১ দলীয় ঐক্য বাংলাদেশের জনগণের নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করার অধিকারের পক্ষে অবস্থান করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিস্তা ব্যারেজ ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও সরকারের অবস্থানের সমালোচনা করেন মামুনুল হক। এ বিষয়ে কোনো ধরনের গোপনীয়তা বা টালবাহানা গ্রহণ করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
এ ছাড়া গুম, হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় নিহত বা নিখোঁজ ব্যক্তিদের ঘটনার বিচার দাবি করেন তিনি। বিশেষ করে শরীফ ওসমান হাদী ও ইলিয়াস আলীর প্রসঙ্গ উল্লেখ করে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার কথা বলেন।
মামুনুল হক আরও অভিযোগ করেন, ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনো বিচারিক প্রক্রিয়ায় যথাযথভাবে হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে মানুষের আবেগ নিয়ে কোনো ধরনের রাজনীতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে তাদের দাবিগুলো আদায় করা হবে।
এর আগে শনিবার ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়। গাজীপুরের ভোগড়া বাইপাসে এর একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
