খুলনায় মেসে খাবার খাওয়াকে কেন্দ্র করে মো. আজমল হোসেন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত আজমল নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার বড় সলুয়া গ্রামে। তার বাবার নাম মো. কুতুব উদ্দিন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে খুলনার ইসলাম নগর এলাকার একটি ভাড়া মেসে অবস্থান করছিলেন আজমল। সেখানে নিয়ম ছিল, কোনো বেলায় খাবার খেতে হলে নির্দিষ্ট সময় আগে দায়িত্বশীলদের জানাতে হবে। তবে ওই রাতে খাবারের বিষয়ে আগাম না জানিয়েই তিনি অন্য একজনের জন্য রাখা ভাত খেয়ে ফেলেন বলে অভিযোগ।

এ ঘটনাকে কেন্দ্র করে মেসের কয়েকজন সদস্যের সঙ্গে আজমলের কথা কাটাকাটি হয়। পরে তাকে ভবনের ছাদে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। অভিযোগ রয়েছে, সেখানে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। একপর্যায়ে আজমল ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা জানান, ঘটনার রাতে প্রায় ৯টার দিকে আজমল মেস থেকে ফোন করে তাকে জানান, কাউকে না জানিয়ে খাবার খাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগও তোলা হয়েছে। পরে মেসে থাকা কয়েকজনের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেওয়া হলে তারা আজমলের পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি।

পরিস্থিতি শান্ত করতে এবং বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তিনি মেসের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন বলে জানান।

এদিকে মেসে রান্নার দায়িত্বে থাকা এক নারী জানান, তিনি নিয়মিত রান্না করে মেসের সদস্যদের খাবার পরিবেশন করতেন। ঘটনার দিন আজমল আগাম না জানিয়েই খাবার খেয়েছিলেন বলে তিনি দাবি করেন। পরে বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে আজমল তা স্বীকার করেন বলেও জানান তিনি।

মেসের ওই নারীর ভাষ্য অনুযায়ী, পরে আজমলের বিরুদ্ধে ভাত, টাকা, মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগের কথা তিনি শুনেছেন। এসব অভিযোগকে কেন্দ্র করেই তাকে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

ঘটনার বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। সেখানে মারধরের আলামত পাওয়া গেছে বলে জানান তিনি। ছাদে মারধরে ব্যবহৃত একটি লাঠিও জব্দ করা হয়েছে।

নিহতের বাবার কাছে ফোন করে টাকা চাওয়ার অভিযোগটিও তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি। ওই ফোনকলের বিস্তারিত তথ্য জানতে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) চাওয়া হয়েছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা পরিষ্কার হবে বলে জানান তিনি।

এদিকে আজমলের মৃত্যুর ঘটনাকে রহস্যজনক হিসেবে উল্লেখ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

Exit mobile version