রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগ ও ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগের ৩০ জন, লালবাগের ৩৪ জন, ওয়ারীর ৬৪ জন এবং মতিঝিল বিভাগের ৭৬ জন রয়েছেন।
এ ছাড়া তেজগাঁও বিভাগ থেকে ৯২ জন, মিরপুর থেকে ১২০ জন, গুলশান থেকে ৩৭ জন, উত্তরা থেকে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি। এ ছাড়া তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং তারকাটা হিসেবে ব্যবহৃত ৫৩টি লোহার পেরেক উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্যের মধ্যে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, তিন বোতল বিদেশি মদ এবং ২০ ক্যান বিয়ার রয়েছে।
এ ছাড়া একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার করা অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
