কুমিল্লায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য একবেলা খাবারের আয়োজন করেছে সামাজিক ও উদ্যোক্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘সিগনেচার বাংলা’। শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা কুমিল্লা নগরীতে এ খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নকশাঙ্গন ও চাষিয়ানার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করে সিগনেচার বাংলা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন এলাকার প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত ও পথশিশুর হাতে একবেলার খাবার তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিগনেচার বাংলার প্রধান নির্বাহী শাহাদাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবীর এবং প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুরা সমাজের বাইরে নয়; তারাও সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতা করা এবং মানবিক আচরণ করা সবার সামাজিক দায়িত্বের অংশ।
তাঁরা আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সাধারণ মানুষ নিজেদের জায়গা থেকে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সম্মিলিত উদ্যোগ থাকলে কাউকে খাবারের অভাবে দিন কাটাতে হবে না।
সিগনেচার বাংলার প্রধান নির্বাহী শাহাদাত হোসেন বলেন, শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করার এই উদ্যোগকে শুধু খাবার বিতরণের একটি আয়োজন হিসেবে দেখলে হবে না। এর মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ বাড়ানোই মূল উদ্দেশ্য।
তিনি জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখার পরিকল্পনা রয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত করারও চেষ্টা থাকবে।
