দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গানভরের সরবরাহ করা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাংলাদেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে পৌঁছানো কার্গো থেকে গ্যাস খালাসের কার্যক্রম শুরু হয়। এই চালান থেকে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি খালাস করার কথা রয়েছে।

পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গানভরের পক্ষ থেকে দেশে পাঠানো এটিই প্রথম এলএনজি চালান। এর আগে ১৪ সেপ্টেম্বর আরও একটি এলএনজি কার্গো বাংলাদেশে আসে।

স্বল্প সময়ের ব্যবধানে দুটি এলএনজি চালান দেশে পৌঁছানোর ফলে জাতীয় গ্যাস গ্রিডে আমদানি করা গ্যাসের সরবরাহ বেড়েছে। এতে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ পরিস্থিতিতেও কিছুটা উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পেট্রোবাংলার ১৭ সেপ্টেম্বর রাত ৮টার হিসাব অনুযায়ী, ওই সময় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ২ হাজার ৬০৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশের নিজস্ব গ্যাসক্ষেত্রগুলো থেকে পাওয়া যায় ১ হাজার ৬১২ মিলিয়ন ঘনফুট। আর আমদানি করা এলএনজি থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় ৯৯৩ মিলিয়ন ঘনফুট গ্যাস।

এর আগের দিন, ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার হিসাবেও জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬০৬ মিলিয়ন ঘনফুট। সেদিন দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহের পরিমাণ ছিল ১ হাজার ৬১৭ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে পাওয়া যায় ৯৯৩ মিলিয়ন ঘনফুট।

নতুন এলএনজি কার্গো যুক্ত হওয়ায় দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ভূমিকা আরও বাড়ল।

Share.
Leave A Reply

Exit mobile version