দেশে কম দামি বা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, এখন থেকে নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য কমপক্ষে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই স্তরের সিগারেটের দাম ছিল ৬২ টাকা। অর্থাৎ ১০ শলাকায় দাম বেড়েছে ৩ টাকা।
তবে নিম্নস্তরের সিগারেট ছাড়া অন্য তিনটি স্তরের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে মধ্যম স্তরের ১০ শলাকার প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম ২১০ টাকা বা তার বেশি নির্ধারিত রয়েছে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল। ওই বাজেটে নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়।
একই সময়ে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন প্রজ্ঞাপনের ফলে চলতি অর্থবছরে নিম্নস্তরের সিগারেটের দাম আবারও বাড়ল। অন্যদিকে মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের নির্ধারিত দাম আগের মতোই থাকছে।
