রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং নিহত শিক্ষিকার কাছ থেকে নেওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

ঘটনার পর গত ৩০ আগস্ট নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়।

মামলার তথ্য ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছে রনজিনা পারভীন রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। হঠাৎ টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনজিনা পারভীনের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকায় এসে ফার্মগেট এলাকার একটি হাসপাতালে যাওয়ার পথেই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version