বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার দারিয়ালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো জান্নাতী আক্তার (১১) ও লামিয়া আক্তার (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন। জান্নাতী মুস্তাইন শেখের এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাদের দাদি নাছিমা বেগমের সঙ্গে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়।
ঘটনার খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত তাদের খোঁজ শুরু করেন। পরে দুই শিশুকে উদ্ধার করে প্রথমে চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
