রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে আটক করা হয়েছে।

এর আগে একই ঘটনায় সরাসরি মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। এছাড়া শুক্রবার ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শুক্রবার দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কে কেএফসি সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি আকস্মিক মিছিল বের করেন।

পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে দাবি করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version