আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালতের আদেশের পর আওয়ামী লীগপন্থি আইনজীবী হিসেবে পরিচিত নূরনবী বুলবুল সাংবাদিকদের জানান, রিটকারী মো. আল আমিন আওয়ামী লীগের কোনো সদস্য নন বলে আদালতে যুক্তি উপস্থাপন করা হয়েছে। ফলে এ ধরনের রিট করার আইনগত অধিকার তার নেই বলে দাবি করা হয়।
রিটের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী ইউনূস আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে এ রিট আবেদন করেন। আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার জন্য রুল জারির আবেদন জানানো হয়। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছিল।
উল্লেখ্য, আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রেখে ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে।
ওই প্রজ্ঞাপনে দলটির নেতা-কর্মীদের প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, সভা-সমাবেশ, মিছিল, সম্মেলনসহ সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার কথা উল্লেখ করা হয়।
