জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এক বছর মেয়াদি (দুই সেমিস্টার) স্কিলভিত্তিক পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ভর্তি–সংক্রান্ত তথ্য অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক আবেদন সম্পন্ন করার পর অনলাইন পেমেন্ট গেটওয়ে বা পে-স্লিপের মাধ্যমে আবেদন ফি হিসেবে ১ টাকা জমা দিতে হবে। এরপর আবেদনকারীদের অনলাইন থেকে আবেদনপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

এবারের পিজিডি প্রোগ্রামে মোট ১৫টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিষয়গুলোর মধ্যে রয়েছে সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিং, উদ্যোক্তা উন্নয়ন, আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা, কালিনারি সায়েন্স, মানবসম্পদ ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস টেকনোলজি, আইসিটি এবং ফ্রিল্যান্সিং–সংক্রান্ত বিভিন্ন কোর্স।

ফ্রিল্যান্সিং বিষয়ে গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং এবং ওয়েব ডিজাইনের মতো দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে। কর্মমুখী দক্ষতা অর্জন এবং চাকরি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই এসব কোর্স চালু করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (পাস) বা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

তবে বর্তমানে একই শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। ভর্তি–সংক্রান্ত তথ্য বা ছবি ভুল, অসম্পূর্ণ কিংবা অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি ও নিবন্ধন বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version