অতিরিক্ত গরম চা বা কফি পান করলে খাদ্যনালির একটি বিশেষ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাজ্যের প্রায় ৯ লাখ ৮০ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
গবেষণার ফলাফলে দেখা যায়, যারা তুলনামূলক বেশি গরম পানীয় পান করেন, তাদের খাদ্যনালির স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার ঝুঁকি উষ্ণ বা কম গরম পানীয় পানকারীদের চেয়ে প্রায় দ্বিগুণ। আর খুব বেশি গরম পানীয় গ্রহণকারীদের ক্ষেত্রে এই ঝুঁকি তিন গুণেরও বেশি হতে পারে।
গবেষকেরা আরও দেখেছেন, শুধু তাপমাত্রাই নয়, পানীয় গ্রহণের পরিমাণও ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। দিনে ছয় কাপ বা তার বেশি গরম পানীয় পানকারীদের মধ্যে এ ধরনের ক্যানসারের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।
তবে গবেষণায় অংশগ্রহণকারীদের কাছে পানীয় কতটা গরম পছন্দ করেন, সে বিষয়ে তথ্য নেওয়া হলেও বাস্তবে পানীয়ের তাপমাত্রা পরিমাপ করা হয়নি। ফলে গবেষকেরা এটিকে সরাসরি কারণ হিসেবে নয়, বরং একটি শক্তিশালী সম্পর্ক হিসেবে বিবেচনা করছেন।
এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আইএআরসি) ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পানীয়কে মানুষের জন্য সম্ভাব্য ক্যানসার-সৃষ্টিকারী উপাদান হিসেবে শ্রেণিবদ্ধ করেছিল।
বিশেষজ্ঞদের পরামর্শ, চা বা কফি পান করার আগে কিছুটা ঠান্ডা করে নেওয়া ভালো। পানীয়তে দুধ মেশানো হলেও যদি তা অত্যন্ত গরম অবস্থায় পান করা হয়, তাহলে ঝুঁকির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় না।
তবে গবেষণার প্রধান লেখক কেরেন পাপিয়ে মনে করেন, খাদ্যনালির এই ধরনের ক্যানসারের সবচেয়ে বড় ঝুঁকির কারণ এখনো ধূমপান। তাই ক্যানসার প্রতিরোধে ধূমপান পরিহার এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই।
