রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাকে ঘিরে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে চাঁদাবাজ হিসেবে তুলে ধরার চেষ্টার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মান্নান হোসেন শাহীন।
সংবাদ সম্মেলনে শাহীন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতির সুযোগ নিয়ে এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যায়। তখন স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় পাহারার ব্যবস্থা করা হয় এবং বাসিন্দাদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণাও চালানো হয়।
তার দাবি, ওই উদ্যোগের জের ধরে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর চাঁদ উদ্যান এলাকায় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয়। তিনি জানান, প্রায় সাত মাস চিকিৎসাধীন থাকার পর বাসায় ফেরেন এবং শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন।
শাহীনের অভিযোগ, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করার পর থেকেই একটি চক্র তার বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে উঠেছে। তাদের আশঙ্কা, তিনি নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির সুযোগ সংকুচিত হয়ে পড়বে।
তিনি বলেন, এলাকায় কোথাও চাঁদা আদায়ের অভিযোগ পেলে তিনি তা প্রতিহত করার চেষ্টা করেন। এর ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর চাঁদ উদ্যানের ৬ নম্বর সড়কে একটি উন্নয়নকাজে চাঁদা দাবির খবর পেয়ে সেখানে যান। এ সময় কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার সঙ্গে থাকা একজন সহযোগী হামলা ঠেকাতে গিয়ে আহত হন বলেও দাবি করেন তিনি।
বিএনপি নেতার অভিযোগ, চাঁদাবাজির প্রতিবাদ করায় একটি মহল ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে তাকে চাঁদাবাজ হিসেবে প্রচার করছে। পাশাপাশি তিনি কাউন্সিলর প্রার্থী হলে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাহীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, অতীতে প্রাণঘাতী হামলার শিকার হওয়ার অভিজ্ঞতা থাকায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
