সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৯ জন রোগী।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি মৌসুমে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮১ জনে পৌঁছেছে।
পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মো. হুমায়ুন কবীর জানান, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০ জন রয়েছেন কাজিপুর উপজেলায়। এছাড়া রায়গঞ্জ, তাড়াশ ও শাহজাদপুরে একজন করে, বেলকুচিতে দুইজন এবং সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন রোগী ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, প্রতিদিনই নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি জনগণকে সতর্ক করতে গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও সচেতনতামূলক বার্তা প্রদর্শনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
