দেশের স্বর্ণবাজারে আবারও দাম কমেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা হ্রাস পেয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায় নির্ধারিত হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। ওইদিন সকাল ১০টা থেকে সংশোধিত দর কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সারা দেশে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী বা বিশুদ্ধ স্বর্ণের মূল্য কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে।
সংশোধিত তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায়, যা আগের দামের তুলনায় ৯৩৩ টাকা কম। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা, যা আগের চেয়ে ৭০০ টাকা কম।
সংগঠনটি আরও জানিয়েছে, গহনার ধরন ও নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে নির্ধারিত হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়ার সুযোগ নেই।
এছাড়া অলংকার এক্সচেঞ্জ বা পুরোনো স্বর্ণ বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে নির্ধারিত হারে সমন্বয় করতে হবে। এ ক্ষেত্রে এক্সচেঞ্জে ১২ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ কর্তনের নিয়ম বহাল থাকবে।
বাজুস জানিয়েছে, নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব অনুমোদিত জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যহার কার্যকর থাকবে।
