দেশের ওপর বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হওয়ায় বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু স্থানে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন নাও আসতে পারে।
শুক্রবারও দেশের অধিকাংশ বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।
শনিবার খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবারও অনুরূপ আবহাওয়া বজায় থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
