রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত ব্রিটিশ টোব্যাকোর একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠায়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে একই দিন সকালে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় অবস্থিত এপেক্স ভবনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
