জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ‘ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্ক’ (পত্র কোড: ২১২১০৯) বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি নির্দেশনা জারি করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ের নতুন সিলেবাসভিত্তিক যে প্রশ্নপত্র বিভিন্ন ট্রেজারিতে সংরক্ষিত ছিল, তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে একই পত্র কোডের নতুনভাবে মুদ্রিত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রশ্নপত্র ব্যবহার করে আগামী ২২ সেপ্টেম্বর পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নির্ধারিত সময়ের মধ্যে দেশের সংশ্লিষ্ট ট্রেজারিগুলোতে নতুন প্রশ্নপত্র পৌঁছে দেবেন।
বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
