শিশুদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি এবং বিদ্যালয়ে আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে নারায়ণগঞ্জে চালু করা হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগারটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পাঠাগার শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন জ্ঞানভিত্তিক ও সৃজনশীল বই পড়ার সুযোগ করে দেবে। এর মাধ্যমে শিশুদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পাঠাগারটিকে শিশুদের কাছে আকর্ষণীয় করে তুলতে নান্দনিকভাবে সাজানো হয়েছে। প্রশাসনের আশা, এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সময় কাটাতে আরও আগ্রহী হবে এবং বইয়ের প্রতি তাদের ভালোবাসা বাড়বে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ প্রকল্পটি পর্যায়ক্রমে সদর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং মননশীল বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন, জ্ঞানসমৃদ্ধ ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
