দেশে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ শলাকার প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকার পরিবর্তে ৬৫ টাকা নির্ধারণ করা হবে।
সোমবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা গেছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করে। প্রস্তাবে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণ এবং সিগারেটের মূল্য নির্ধারণ, স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবস্থাপনা-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপনে সংশোধনের কথা উল্লেখ করা হয়।
সংশোধিত বিধান অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’-এর পরিবর্তে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ হিসেবে নির্ধারিত হবে।
সরকারের মতে, এই মূল্য সমন্বয়ের ফলে নিম্নস্তরের সিগারেট খাতে অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে রাজস্ব আদায় বাড়িয়ে সরকারি আয়ের ঘাটতি কমাতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম নতুন কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে।

