দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। রোববার সকাল থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটির বৈঠকের পর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় আনা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায়। ১৮ ক্যারেটের সোনার নতুন দাম হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ৩ সেপ্টেম্বর দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। কয়েক দিনের ব্যবধানে সেই বৃদ্ধির একটি অংশ সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হলো।

